সাঁথিয়ায় মহাসড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক দোকান গতকাল সোমবার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, পাবনা-বগুড়া মহাসড়কের কাশীনাথপুরে মহাসড়ক ও এর অংশ দখল করে অবৈধ দোকানপাট গড়ে তোলায় ওই স্থানে যানজট ছিল নিত্যসঙ্গী। এ নিয়ে ২৪ জুলাই প্রথম আলোয় ‘মহাসড়কের জায়গায় হাট, যানজট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
জানা যায়, সওজ ও উপজেলা প্রশাসন এক সপ্তাহ আগে অবৈধ দোকানমালিকদের দোকানপাট সরিয়ে নিতে পাঁচ দিনের সময় বেঁধে নিয়ে নোটিশ দেয় ও মাইকিং করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মালিকেরা তাঁদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় সওজ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলামের নেতৃত্বে আদালত গতকাল সকাল ১০টার দিকে সেখানে অভিযান চালান।
শফিকুল ইসলাম বলেন, মহাসড়ক ও এর অংশ থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ১৯ জন অবৈধ দোকানমালিকের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।