পাবনার সাঁথিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাফিজুল ইসলাম ওরফে রেজা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, রেজা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও দুটি অস্ত্র মামলা রয়েছে।এদিকে জেলার চাটমোহর উপজেলায় একই রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আল আমিন (২৬) নামের এক ব্যক্তি। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করেছে। র্যাবের ভাষ্যমতে, হত্যা মামলার আসামি সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়নের নূরদহ গ্রামের রেজা দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি নিজের বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। বিষয়টি আগেই টের পেয়ে রেজা বাড়ির পাশের একটি বিলে অবস্থান নেন। র্যাব সদস্যরা তাঁকে আত্মসমর্পণ করার আহ্বান জানালে তিনি র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে রেজা গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা রেজাকে মৃত ঘোষণা করেন। এর আগে র্যাব ঘটনাস্থল থেকে দুটি দেশি বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করে।সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলাম জানান, রেজা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সাঁথিয়া অঞ্চলের প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। রেজার বিরুদ্ধে চারটি হত্যা ও দুটি অস্ত্র মামলা রয়েছে। নূরদহ গ্রামের বাসিন্দারা জানান, রাতে ওই বিল এলাকায় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। কিন্তু কে, কেন এই গুলি করেছেন, তা তাঁরা জানেন না।এদিকে চাটমোহরে বন্দুকযুদ্ধ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম জানান, ফৈলজানা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে চরমপন্থীরা গোপন বৈঠক করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ রাত একটার দিকে সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে। আল আমিন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য।ওসি আরও জানান, আল আমিন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা ও দুটি অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তিনি ফলিয়া গ্রামের বাসিন্দা।গোয়ালন্দে চরমপন্থী নেতা খুনের ঘটনায় একজন গ্রেপ্তার: গোয়ালন্দ ঘাট থানার এসআই ইলিয়াস মুন্সির বরাত দিয়ে আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গত শনিবার রাতে গোয়ালন্দের বেথুরী ট্রলার ঘাটে কদম আলী নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জিন্নাত শেখ (৩০)। তিনি একজন চরমপন্থী বলে জানা গেছে।