সাঁথিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামে গত শনিবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রশিদ (৫২)। তিনি বিলসলঙ্গী গ্রামের বাসিন্দা।সাঁথিয়া থানার পুলিশের দাবি, নিহত রশিদ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) রাজশাহী বিভাগীয় সামরিক শাখার প্রধান ছিলেন। র্যাব-১২ পাবনা ক্যাম্পের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সিএএইচ মাহমুদের ভাষ্যমতে, চরমপন্থীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিলসলঙ্গী গ্রামে বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। র্যাবের অস্তিত্ব টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। ১৫ থেকে ২০ মিনিট গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সাঁথিয়া থানার পুলিশ লাশটি আবদুর রশিদের বলে শনাক্ত করে। র্যাবের কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি রিভলবার, রিভলবারের ছয়টি গুলি, একটি চাপাতি ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত আবদুর রশিদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় তিনটি হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।