সাঁথিয়ায় সড়কের গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের দুটি সড়ক থেকে সরকারি গাছ কেটে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর এলাহী ব্যক্তিগত উদ্যোগে কাঠ ব্যবসায়ীদের কাছে এসব গাছ বিক্রি করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী তাঁর ইউনিয়নের ২৪ মাইল-সাঁথিয়া সড়কের কল্যাণপুর বাজার থেকে হুইখালী কবরস্থান পর্যন্ত অংশের প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির কাঠের গাছ এবং কল্যাণপুর বাজার-কাবারিখোলা সড়কের ১১৪টি বাবলা গাছ কোনো নিয়ম না মেনে প্রতিনিধির মাধ্যমে প্রায় তিন লাখ টাকায় বিক্রি করে দেন। গাছ কাটতে থাকা ব্যাপারী কল্যাণপুর গ্রামের মোকাম সরদার জানান, তিনি ২৪ মাইল-সাঁথিয়া সড়কের কিছু অংশের গাছ ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ৩০ হাজার টাকায় কিনে নিয়েছেন। এভাবে আরও কয়েকজন কাঠ ব্যবসায়ী অনেক গাছ কিনেছেন বলে তিনি জানান। কল্যাণপুর-কাবারিখোলা সড়কে গাছ কাটতে থাকা আহম্মদপুর ইউনিয়নের আবদুর রশীদ জানান, তিনি ওই সড়কের ১১৪টি বাবলা গাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। বাজারের পল্লি চিকিৎসক ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকেদ আলী জানান, ইউপি চেয়ারম্যান গাছগুলো নিজ উদ্যোগে বিক্রি করেছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এ ব্যাপারে প্রশাসন ও বন বিভাগ বরাবর অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন, ‘আমি টানা তিনবার ইউপি চেয়ারম্যান ছিলাম। ওই সড়ক দুটি নির্মাণের সময় যাঁরা জায়গা ছেড়ে দিয়ে সহযোগিতা করেছিলেন তাঁদের কথা দিয়েছিলাম যে গাছ বড় হলে সেগুলো বিক্রি করে এলাকার মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন করব। কিন্তু বিগত জোট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও কতিপয় মেম্বার বেশির ভাগ গাছ লুটেপুটে নিয়েছেন। অল্প যেসব গাছ ছিল সেগুলো মোট ৫০ হাজার টাকায় বিক্রি করেছি। এ টাকার মধ্যে ৩০ হাজার টাকা স্থানীয় দুটি মসজিদে ও ২০ হাজার টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা দিয়েছি।’ তিনি আরও বলেন, গাছগুলো ইউনিয়ন পরিষদের উদ্যোগে লাগানো হয়েছিল বলে সেগুলো বিক্রি করার এখতিয়ার ইউনিয়ন পরিষদেরই। এ জন্য সরকারি অনুমতি নেওয়ার বা দরপত্র আহ্বানের প্রয়োজন নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক সরকার বলেন, গাছগুলো কাটা হয়ে থাকলে তা নিয়ম ও আইন মোতাবেক হয়নি। বিষয়টি শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাবনা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, অভিযোগ পেলেও লোকবলের অভাবে বিষয়টি তদন্ত করা হয়নি। শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।