পাবনার সাঁথিয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী ও বিজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে বগুড়ার ধুনটে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে তিনজন। অন্যদিকে নওগাঁর নজিপুর পৌরসভার নির্বাচনে বিজিত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা দলীয় কার্যালয়ে ভাঙচুর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেছে।পাবনা: সাঁথিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিজয়ী ও বিজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ সাতজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁথিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, সাঁথিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মিরাজুল ইসলাম দলের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক মাস্টারকে পরাজিত করেন। নির্বাচন শেষ হওয়ার পর থেকে দুই পক্ষের উত্তেজনা চলছে। গতকাল সন্ধ্যার পর বিজয়ী মেয়রের দুই ভাই মিঠু ও টিটু সাঁথিয়া বাজারে গেলে মোজাম্মেল হক মাস্টারের লোকজন তাঁদের ধরে নিয়ে মোজাম্মেল হকের বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে মিরাজুলের পক্ষের কয়েক শ লোক মোজাম্মেল হক মাস্টারের বাড়ির সামনে সমবেত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মিরাজুল ইসলামের পক্ষের মামুন (২৮) ও জিয়াউর রহমান (৩০) গুলিবিদ্ধ হন। তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠিয়ে দেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।বগুড়া: বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর বাসায় ভাঙচুর করা হয়। দুই প্রার্থীই নির্বাচনে পরাজিত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধুনট হাসপাতাল মোড়ে বিএনপির মনোনীত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল ও বিদ্রোহী প্রার্থী আকতার আলমের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলিমুদ্দিন হারুনের ছেলে আল আমিন (৩০) ও সমর্থক আবদুর রাজ্জাক (২৬) এবং আকতার আলমের সমর্থক খোকন (২৭) আহত হন। আহত ব্যক্তিরা বর্তমানে ধুনট হাসপাতালে চিকিৎসাধীন। পরে আলিমুদ্দিন হারুন মণ্ডলের সমর্থকেরা অফিসার পাড়ায় আকতার আলমের বাসায় ভাঙচুর চালান। ধুনট থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।নওগাঁ: নওগাঁর নজিপুর পৌরসভার নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা গতকাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেছে।স্থানীয় লোকজন আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছাহাক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তাঁর মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর দুটি দাঁত নড়ে গেছে ও মুখমণ্ডলের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়েছে। পত্নীতলা থানার ওসি শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠকে দলীয় প্রার্থীর পক্ষে কে কাজ করেছে এবং কে করেনি তা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ি ও মারপিটের ঘটনা ঘটে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পাবনা অফিস এবং বেড়া, নওগাঁ ও ধুনট (বগুড়া) প্রতিনিধি]