ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার বাহাদুর থেকে লেবুতলা বাজার পর্যন্ত ১০ কিলোমিটারে রয়েছে বিপজ্জনক সাতটি বাঁক। এসব বাঁকে কোনো সাংকেতিক চিহ্ন নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাঁকগুলো হলো বাহাদুরপুর, পাঁচবাড়িয়া, হুদোর মোড়, রাজাপুর, নোঙ্গরপুর আমতলা, কোদালিয়া ও লেবুতলা। এর মধ্যে হুদোর মোড় ও নোঙ্গরপুর আমতলার বাঁক বেশি বিপজ্জনক।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, হুদোর মোড়টি প্রায় ৯০ ডিগ্রি। তাই মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা কোনো যানবাহন দেখা যায় না। মোড়ে সাংকেতিক চিহ্নসংবলিত কোনো সাইনবোর্ডও নেই। সড়কের মাঝে রং দিয়ে বিভাজক চিহ্নও দেওয়া হয়নি। তাই অনেকটা ধারণার ওপর ভিত্তি করে চালকদের এ মোড় অতিক্রম করতে হয়।হুদোর মোড়েই বেলায়েত আলীর বাড়ি। বছর তিনেক আগের এক রাতে ঢাকাগামী একটি বাস মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে যায়। গৃহিণী মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘কাঁঠাল ও নারিকেলগাছ ভেঙে বাসটি বাড়ির একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। বাসের অনেক যাত্রী আহত হলেও ভাগ্যক্রমে আমাদের কারও তেমন ক্ষতি হয়নি। এ মোড়ে প্রতি মাসে দু-একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাকবলিত যানবাহন যেন বাড়ির মধ্যে ঢুকতে না পারে, সে জন্য বাড়ির সামনে নর্দমা তৈরি করেছি।’ গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মাগুরা থেকে একটি প্রাইভেটকার যশোর আসার পথে নোঙ্গরপুর আমতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত কারের চালক ও একটি শিশু পরে হাসপাতালে মারা যায়। নোঙ্গরপুর আমতলা মোড়ের চায়ের দোকানি মোন্তাজ আলী প্রথম আলোকে বলেন, ‘বছর তিনেক আগে বাসে করে লেবুতলা থেকে রাজাপুরে আসার পথে নোঙ্গরপুর মোড়ে বাসটি উল্টে তিনটি গড়ান দেয়। এতে আমার একটি হাত ভেঙে যায়। কয়েকজন নিহত ও আরও ১৫ জন আহত হয়।’ তিনি জানান, শুধু নোঙ্গরপুর নয়, রাজাপুর, পাঁচবাড়িয়া, কোদালিয়া, লেবুতলা, হুদোর মোড়সহ কয়েকটি বাঁকে তিন বছরে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছে। ঈগল পরিবহনের চালক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, মোড় ঘোরার সময় সামনে কিছু দেখা যায় না। ‘সামনে মোড়, গতিসীমা কমান’ এ ধরনের সাইনবোর্ড থাকলে বা উজ্জ্বল রং দিয়ে রাস্তার মাঝখানে চিহ্ন দেওয়া থাকলে অনেকটা ঝুঁকিমুক্তভাবে মোড় ঘোরা যায়। তিনি জানান, বাহাদুর এলাকার বাঁকের এক পাশে সাংকেতিক চিহ্নের ছোট একটি সাইনবোর্ড থাকলেও গাছের ডালপালায় সেটি ঢেকে গেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ যশোরের উপবিভাগীয় প্রকৌশলী মণীন্দ্রনাথ অধিকারী প্রথম আলোকে বলেন, গত বছর মহাসড়কের খাজুরাবাজার থেকে মনোহরপুর পর্যন্ত আট কিলোমিটারে পিচের প্রলেপ দেওয়া হয়েছে। এরপর আর সড়কে রং দিয়ে বিভাজক চিহ্ন দেওয়া হয়নি। সব বাঁকেই সাংকেতিক চিহ্নের সাইনবোর্ড ছিল বলে দাবি করে তিনি বলেন, কোনো কারণে সাইনবোর্ডগুলো ভেঙে যেতে পারে। সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।