সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব গণফোরামে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে গণফোরামের নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে দলটিতে অস্থিরতা চলছে। দলটির একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে গণফোরামের বেরিয়ে যাওয়া নিয়েই এ অস্থিরতা শুরু।সূত্রমতে, দ্বন্দ্বে জড়িয়ে পড়া গণফোরাম নেতাদের এক পক্ষে আছেন দলের সভাপতি পরিষদের সদস্য পঙ্কজ ভট্টাচার্য, রণেশ মৈত্রসহ কয়েকজন প্রবীণ নেতা। আরেক পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ তাঁদের অনুসারীরা।এর মধ্যে মহাজোট থেকে বের হওয়ার বিষয়ে পঙ্কজ ভট্টাচার্যের দ্বিমত ছিল। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ ব্যর্থ হলে যুদ্ধাপরাধীদের প্রভাবিত কোনো সরকার ক্ষমতায় আসুক, আমরা তা মেনে নিতে পারি না।’পঙ্কজ ভট্টাচার্য দলের বাইরে নতুন মোর্চা গঠনের চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, তিনি এখন বামপন্থী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর বাম মোর্চা বা মঞ্চ গঠনের লক্ষ্যে কাজ করছেন। এ লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছে। জানতে চাইলে সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উনার (পঙ্কজ ভট্টাচার্য) উদ্যোগের সঙ্গে গণফোরাম সম্পৃক্ত নয়। তিনি দল থেকে পদত্যাগও করেননি। ওই রকম কিছু করলে আমাদেরও সাংগঠনিকভাবে চিন্তাভাবনা করতে হবে।’সূত্র জানায়, পঙ্কজ ভট্টাচার্য আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং সুব্রত চৌধুরীসহ অপর অংশটি আওয়ামী লীগবিরোধী হিসেবে পরিচিত। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বিষোদ্গার চলছে অনেক দিন ধরে।সূত্র জানায়, গত বছরের ৩ নভেম্বর রণেশ মৈত্র গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে একটি চিঠিও লেখেন। চিঠিতে মুক্ত আলোচনার নামে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধের দাবি জানানো হয়। চিঠিতে জেলা কমিটি গঠন ও পুনর্গঠনের জন্য সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিনকে দায়িত্ব দেওয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করা হয়।সুব্রত চৌধুরীর অনুসারীদের মতে, পঙ্কজ ভট্টাচার্যকে নিয়ে দলের ভেতরে যে দ্বন্দ্ব চলছে, একে কেন্দ্র করে দল ভাঙনের দিকে এগোচ্ছে। তবে পঙ্কজ ভট্টাচার্য নতুন বাম মঞ্চ গঠনের উদ্যোগকে গণফোরাম ভাঙা নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের সরকার ও প্রধান বিরোধী দল উভয়ই হবে মুক্তিযুদ্ধের পক্ষের। এ জন্য বাম মঞ্চটি ক্ষমতাসীনদের জন্য ওয়াচ ডগ হিসেবে কাজ করবে।’পঙ্কজ ভট্টাচার্য এখন জাতীয় টেনিস স্টেডিয়ামে অবস্থিত সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জেএসডি, ন্যাপ (মোজাফ্ফর), জনসংহতি সমিতিসহ বাম প্রগতিশীল সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। ১৯৯৩ সালের ২৯ আগস্ট গণফোরাম গঠিত হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, সিপিবি ও ন্যাপের একাংশের নেতাদের সমন্বয়ে দলটি গঠিত হয়।