সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনায় ২২ মে আ.লীগের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সদস্য সংগ্রহ অভিযান ও সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আগামী ২২ মে শনিবার বিকেল পাঁচটায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক হবে। সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও এ কাজের খুব একটা অগ্রগতি নেই। ঢাকা মহানগর আওয়ামী লীগের এখনো সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়নি। জেলায় জেলায় এ কর্মসূচি ধীরগতিতে চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রতি জেলায় আওয়ামী লীগের বর্ধিত সভার অগ্রগতি নিয়েও আলোচনা হবে বৈঠকে। দলীয় সাংগঠনিক সম্পাদকেরা বর্ধিত সভার আলোকে বৈঠকে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন। বিভিন্ন জেলার সাংগঠনিক সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, অনেক জেলায় এখনো বর্ধিত সভা হয়নি। মার্চ মাস থেকে কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হলেও অনেক জেলায় তা হয়নি। বৈঠকে এসব বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। তা ছাড়া ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৬ দফা দিবস পালন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নেওয়া হবে বৈঠকে।