সাংগঠনিক কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহার বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আর্থিক লেনদেনের অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার আদেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে জেলা বিএনপির নেতা আলী আহমদ বলেন, সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাঁদের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলার নয়টি ইউপির নির্বাচন তৃতীয় ধাপে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নে তৃণমূলের সমর্থন পেতে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ তাঁর পছন্দের প্রার্থীকে বাছাই করতে নয়টি ইউপির ৯৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে অর্থসহায়তা দেন। সর্বশেষ গত ৭ মার্চ কানাইঘাট উপজেলা সদরে এ রকম একটি সভায় টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ পেলে প্রার্থী বাছাই বন্ধ করা হয়। এ খবর পেয়ে ৮ মার্চ রাতে এক চিঠির মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে জেলা কমিটি। পাশাপাশি সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
এ বিষয়টিকে তখন জেলা বিএনপির এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছিলেন উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ। তিনি বিষয়টি সাংগঠনিকভাবে মোকাবিলা করার কথা জানিয়ে বলেছিলেন, জেলা বিএনপি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এর বিরূপ প্রভাব ইউপি নির্বাচনেও পড়বে। গতকাল যোগাযোগ করলে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে অবগত আছেন জানিয়ে মামুনুর রশীদ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, যে অভিযোগের ওপর ভিত্তি করে জেলা বিএনপি স্থগিতাদেশ দিয়েছিল, তা ভিত্তিহীন। দেরিতে হলেও এ বিষয়ে অবহিত হওয়ায় নির্বাচনের আগে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।