সাংগঠনিক শক্তি বাড়াতে ছাত্রীদের উচ্ছেদের হুমকি ছাত্রশিবিরের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের জামিলনগর এলাকার ছাত্রীনিবাস ও বিভিন্ন বাসায় ভাড়া থাকা ছাত্রীদের কাল রোববার (৩০ সেপ্টেম্বর) উচ্ছেদের হুমকি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এ জন্য তারা শারীরিক নির্যাতন, ভাঙচুর ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রীনিবাস ও বাড়ির মালিকেরা। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার জামিলনগর এলাকা থেকে শিবিরের ২০ কর্মীকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় ছাত্রীনিবাসের দুজন মালিক বগুড়া সদর থানায় দুটি মামলা করেছেন। আটক ২০ শিবির কর্মীর মধ্যে মামলায় ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের বিচার বাধাগ্রস্ত করতে চায় ছাত্রশিবির। এ কারণে তারা জামিলনগর থেকে ছাত্রীদের উচ্ছেদ করে সেখানে নিজস্ব ক্যাডার ও কর্মীদের রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে চায়। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের তিন শতাধিক ছাত্রী কলেজসংলগ্ন জামিলনগর এলাকার অর্ধশতাধিক ছাত্রীনিবাস ও বাড়িতে ভাড়া থেকে পড়ালেখা করছেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে বেশ কয়েকটি পরীক্ষা চলছে। কয়েকটি বর্ষের পরীক্ষা কিছুদিন পরই। এই অবস্থায় শিবিরের উচ্ছেদের নির্দেশে চরম বিপাকে পড়েছেন ছাত্রীরা। শিবিরের আতঙ্কে কোনো ছাত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও রাজি হননি।গত বুধবার জামিলনগরের ছাত্রীনিবাসগুলোর পক্ষে ছয়জন বাড়ির মালিক বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা গেছে, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কয়েক মাস আগে জামিলনগরের ছাত্রীনিবাস ও বাসাগুলো থেকে ছাত্রীদের উচ্ছেদের জন্য বাড়ির মালিকদের নির্দেশ দেন। নির্দেশ না মানায় তাঁরা রাতে বাসাবাড়ি ও ছাত্রীনিবাসগুলোতে গিয়ে ছাত্রী ও মালিকদের হুমকি-ধমকি দিচ্ছেন। মালিকদের করা হচ্ছে শারীরিক নির্যাতন। ছাত্রীদের উচ্ছেদের জন্য সর্বশেষ তাঁরা ৩০ সেপ্টেম্বর সময় বেঁধে দেন।জামিলনগরের রাকিব-সেতু ছাত্রীনিবাসের মালিক জহুরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এরশাদুল বারী ও আবদুল মালেক এবং ছাত্রশিবিরের নেতা মহতাছিম বিল্লাহসহ চার-পাঁচজনের নেতৃত্বে শিবিরের ক্যাডাররা ছাত্রীদের বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এ অন্যায় আদেশের প্রতিবাদ করায় তাঁরা আমার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জিনিসপত্র কেনাকাটায় নিষেধাজ্ঞা জারি করেছেন।’অন্য ছাত্রীনিবাসের মালিক ইদ্রিস আলী বলেন, ছাত্রশিবিরের ক্যাডাররা ইতিমধ্যে রনি ভিলা, মাসুম ভিলা, খন্দকার বাড়ি, বিলকিছ ভিলা ও হাজী ম্যানশন থেকে ছাত্রীদের বের করে দিয়েছেন। শিবিরের হুমকিতে ঝরনা ম্যানশন থেকেও অর্ধেক ছাত্রী চলে গেছেন। গতকাল বেলা ১১টার দিকে গোটা জামিলনগর এলাকা ঘিরে ফেলে পুলিশ। টের পেয়ে গা ঢাকা দেন ছাত্রশিবিরের নেতারা। তবে শিবিরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করা হয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মকবুল হোসেন বলেন, ছাত্রীনিবাসের মালিক ইদ্রিস আলী ও আকলিমা বেগম তাঁদের ছাত্রীনিবাস ও বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রশিবিরের ১১ নেতাসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে গতকাল সদর থানায় দুটি মামলা করেছেন। ওই মামলায় শিবিরের ১৪ কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মহতাছিম বিল্লাহ বলেন, ‘জামিলনগর এলাকার ছাত্রীনিবাসে অনৈতিক কার্যকলাপ বেড়ে গেছে। তাই ছাত্রীদের বাসা ভাড়া না দিতে মালিকদের অনুরোধ করেছেন শিবিরের ছেলেরা।’ বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (জামিলনগরসহ পাঁচ-ছয়টি এলাকা) কাউন্সিলর ও ওই ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি এরশাদুল বারী বলেন, ‘শিবিরের কিছু অতি উৎসাহী ছেলে এ ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে আমি জড়িত নই। বরং বৃহস্পতিবার রাতে আমি পুলিশকে কথা দিয়েছি, জামিলনগরের কোনো ছাত্রীনিবাস থেকে কাউকে বিতাড়িত করা হবে না।’