সাংগ্রাং-এর জলে সিক্ত রাখাইনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো মণ্ডপের মাঝখানে পানিভর্তি ড্রাম, কোনো মণ্ডপে কাঠের নৌকা। দুই পাশে রাখাইন তরুণ-তরুণীরা মুখোমুখি বসে। সবার পরনে উৎসবের পোশাক। ঘটা করে শুরু হলো দুই পক্ষের পানি ছোড়াছুড়ি। সন্ধ্যা পর্যন্ত তা চলল টানা। একই সঙ্গে চলল অতিথিদের আপ্যায়ন, বিশেষ নৃত্য ও বাদ্যবাজনা বাজিয়ে গান। বাদ্যযন্ত্র নিয়ে রাখাইন তরুণ-তরুণীরা রাস্তায় রাস্তায় নেচে-গেয়ে আনন্দ-ফুর্তি করেছে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে তারা বাঁধা পড়েছে বন্ধুত্বের বন্ধনে।গতকাল শনিবার কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় এভাবেই শুরু হয় আদিবাসী জনগোষ্ঠী রাখাইনদের জলকেলি উৎসব, যা ‘সাংগ্রাং’ নামে পরিচিত। সাংগ্রাং রাখাইনদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর শুরু হয় তাদের নতুন বছর। সে অনুযায়ী গতকাল ছিল তাদের নববর্ষ। নতুন বছর ১৩৭২ সনকে বরণ করতে গতকাল থেকে তারা তিন দিনের উৎসবে মেতে ওঠে। দুপুর দুইটায় শহরের অগ্গামেধা ক্যাংয়ে (মন্দির) উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ। এ সময় কক্সবাজারের নারী সাংসদ অ্যাথিন রাখাইনসহ সমপ্রদায়ের অনেক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এরপর শহরের টেকপাড়া, বার্মিজ স্কুল, বড়বাজার, বৌদ্ধমন্দির এলাকায় শত শত রাখাইন তরুণ-তরুণী পরস্পরের দিকে ছুড়ে মারা পবিত্র পানিতে ভিজে ভালোবাসায় সিক্ত হয়। চকরিয়া, হারবাং, খুরুশকুল, চৌফলদণ্ডি, মহেশখালী, টেকনাফসহ বিভিন্ন রাখাইনপল্লিতেও জাঁকজমকভাবে উৎসব পালিত হচ্ছে। শত শত বাঙালি উৎসবে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি উ ক্য থিন জানান, গতকাল শহরের টেকপাড়া, চালবাজার, বৌদ্ধমন্দিরসহ জেলার বিভিন্ন স্থানে ৪২টি মণ্ডপে উৎসব চলে। প্রতিটি মণ্ডপ ফুল, বেলুন ও পত্রপল্লব দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।টেকপাড়ার রাখাইন তরুণী মাওয়েন ছিং বলেন, ‘এই দিনটি আমার কাছে ফিরে আসে পানি ছিটিয়ে আনন্দ করার জন্য। উৎসবের মাধ্যমে পছন্দের বন্ধুকে বেছে নেওয়ার সুযোগও আমরা হাতছাড়া করি না।’অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মং হ্লা চিং জানান, মগি পঞ্জিকা অনুযায়ী গত ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা এক মিনিট তিন সেকেন্ড থেকে নতুন অব্দ ১৩৭২ বা সন শুরু হয়েছে। তাই নতুন এই সনকে বরণ এবং পুরোনো সনকে বিদায় জানাতে রাখাইন সম্প্রদায় এ উৎসবের আয়োজন করে। জেলার ২১টি গ্রামে প্রায় ৫০ হাজার রাখাইন বাস করেন।জলকেলির শুভেচ্ছা: কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দির অগ্গামেধা ক্যাং। মন্দিরের পশ্চিম পাশে বিশাল খোলা মাঠে জলকেলির আয়োজন করা হয়। মাঠের দক্ষিণ পাশে বিশাল মঞ্চ। বেলা দুইটায় মণ্ডপে শুরু হয় রাখাইন তরুণ-তরুণীদের জলকেলি বা সাংগ্রাং উৎসব।বেলা সাড়ে তিনটার দিকে মণ্ডপে পানি ছিটানো শেষ করে রাখাইন তরুণী এছেন নু এই প্রতিবেদকের দিকে ছুটে এসে বলেন, ‘ছবি তোলা বন্ধ করুন। আমার কথা শুনুন। ভাইয়া, প্রথম আলোয় আমাদের নিয়ে অনেক লিখেছেন। নকশা, ছুটির দিনে, খোলা কলম, সারা দেশ, আলোকিত চট্টগ্রাম—কোনোটা বাকি নেই। এবার নোটবইটা আমাকে দিন। রাখাইন সমপ্রদায়ের পক্ষ থেকে আমি প্রথম আলোর লাখ লাখ পাঠককে সাংগ্রাং উৎসবের শুভেচ্ছা জানাতে চাই। সম্ভবত আমিই পাঠকদের প্রথম শুভেচ্ছা জানাচ্ছি। দয়া করে এই খবরটা প্রথম আলোয় প্রকাশ করবেন। নইলে মনে কষ্ট পাব।’প্রথম আলোর নোটবইয়ে এছেন নু লেখেন, ‘সাংগ্রাং আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। রাখাইন নতুন অব্দ বা বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে এ উৎসবের আয়োজন।