সাংবাদিক অশোক সেনের নামে সড়ক নামকরণের দাবি
প্রয়াত সাংবাদিক অশোক সেনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে যশোর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণের দাবি জানানো হয়েছে। প্রথম আলো যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক ও মুক্তিযোদ্ধা অশোক সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ অনুষ্ঠানে গতকাল রোববার বক্তারা এ দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে অশোক সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রথম আলো যশোর কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া। বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ সন্তোষ হালদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, অশোক সেনের স্ত্রী বেবী সেন, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর প্রেসক্লাবের সহসভাপতি মনোতোষ বসু, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সুলতানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদর উপজেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন।
শাহিদুজ্জামান বলেন, ‘লোভ আর মোহ অশোক সেনকে কখনো ছুঁতে পারেনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক তাঁর নামে করার জন্য পৌরসভার মেয়রের কাছে দাবি জানাচ্ছি। এ দাবি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমাদের সংগ্রাম করতে হবে।’