সাংবাদিক অশোক সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ অশোক সেন ছিলেন নির্লোভ-নির্মোহ। আর্থিক অভাব থাকলেও তিনি অসৎ পন্থায় টাকা উপার্জন করেননি। সাংবাদিকতা জীবনে অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি। তাঁর দেশপ্রেমের আদর্শ অনুসরণ করলে তাঁর প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।’

প্রথম আলোর যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবা শেফা গতকাল মঙ্গলবার বিকেলে এসব কথা বলেন।

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যশোর আঞ্চলিক কার্যালয়ে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) জেলা সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বন্ধুসভার সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অশোক সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

২০১০ সালের ৩ জানুয়ারি অশোক সেন ক্যানসারে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও প্রয়াত অশোক সেন মুক্তিযুদ্ধের গেজেটে নাম তোলাতে কখনো আগ্রহ দেখাননি। তাঁর মতো দেশপ্রেমিক মানুষকে বাঁচিয়ে রাখতে হলে নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে হবে।