সাংবাদিক অশোক সেনের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও সিপিবির শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সাবেক ছাত্রনেতা, সংগ্রামী কমিউনিস্ট নেতা, মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সাংবাদিক অশোক সেনের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল বুধবার এক বিবৃতিতে তথ্যমন্ত্রী বলেন, অশোক সেনের মৃত্যুতে জাতি একজন প্রতিভাবান ও একনিষ্ঠ সংবাদকর্মীকে হারালো। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যুক্ত বিবৃতিতে বলেন, অশোক সেন ছাত্রজীবন থেকেই এ দেশের শোষিত মানুষের সংগ্রামে যে অবদান রেখে গেছেন তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অশোক সেন স্মরণে গত মঙ্গলবার বরগুনায় ও গতকাল বুধবার যশোরে শোকসভা অনুষ্ঠিত হয়। বক্তারা অশোক সেনকে আজীবন সংগ্রামী নিরহংকারী ও সাংবাদিকতার আদর্শ হিসেবে অভিহিত করেন।বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার শুরুতে অশোক সেনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। যশোর প্রেসক্লাবের তিন দিনের শোক কর্মসূচির শেষ দিনে গতকাল প্রেসক্লাব মিলনায়তনে মিজানুর রহমানের সভাপতিত্বে শোকসভা হয়।