সাংবাদিক আওরঙ্গজেব হত্যার ঘটনায় এক নারী গ্রেপ্তার
সাংবাদিক আওরঙ্গজেব সজীব হত্যা মামলার ঘটনায় আলিফা খাতুন অঞ্জনা ওরফে মুনিয়া নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার বিভিন্ন গণমাধ্যমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি আওরঙ্গজেব সজীব নিখোঁজ হন। তিন দিন পর গত বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। তাঁকে কেউ হত্যা করতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে বুধবার আওরঙ্গজেবের স্ত্রী মোরশেদা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় গতকাল সকাল ১০টার দিকে মিরপুর সেনপাড়া পর্বতা এলাকা থেকে আলিফাকে গ্রেপ্তার করে র্যা ব-৪-এর একটি দল।
র্যা ব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী র্যাবকে জানিয়েছেন, তিনি সাংবাদিক আওরঙ্গজেবের দ্বিতীয় স্ত্রী। এ ছাড়া ঘটনার ব্যাপারে তাঁকে আর কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি। যেহেতু মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা হয়েছে, তাই আলিফাকে ওই থানার পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।