সাংবাদিক আওলাদ হোসেন স্মরণ
সদ্যপ্রয়াত চলচ্চিত্র সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন স্মরণে শুক্রবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার মিলনায়তনে আয়োজিত হয় স্মরণসভা। আয়োজক বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি আবদুর রহমান এবং সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
বক্তারা বলেন, আওলাদ হোসেন শুধু সাংবাদিক নন, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। তাঁর চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের বেশ কজন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজক। তাঁদের মধ্যে ছিলেন সোহানুর রহমান, শাহ আলম কিরণ, মোহাম্মদ হোসেন জেমী, খোরশেদুল আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার। এ ছাড়া শিল্পীদের মধ্যে ছিলেন ওমর সানি, অমিত হাসান, সম্রাট, জায়েদ খান, শিরিন শিলা প্রমুখ। ২ অক্টোবর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন মোহাম্মদ আওলাদ হোসেন। তিনি ছিলেন মানবজমিন পত্রিকার বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক।