সাংবাদিক আতিকুল আলম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক আতিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বেলা দুইটায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এ সময় তিনি বগুড়ায় তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। ঈদ উদ্যাপনের জন্য তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর সময় আতিকুল আলমের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার মগবাজারের কাজি অফিস লেনে নিজস্ব বাসভবনের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আতিকুল আলম ১৯৩৪ সালের ১৪ জুন পাবনার ফরিদপুর থানার বনওয়ারী নগরের হাশিমাবাদ গ্রামে জন্ম নেন। তাঁর বাবা ছিলেন কবি আবুল হাশিম। সাংবাদিকতায় তাঁর যাত্রা শুরু হয় চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ডেইলি ইউনিটি ও পাকিস্তান টাইমস-এর ঢাকা ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি ঢাকায় রয়টার্স ও বিবিসির ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক অর্থনীতি প্রতিদিন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সাপ্তাহিক হলিডে, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় লেখালেখি করেছেন।
আতিকুল আলমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।