সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে গতকাল বুধবার সন্ধ্যায় এক জরুরি সভায় এই নিন্দা জানানো হয়। একই সঙ্গে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পাহারাদারকে মারধর করে সদর উপজেলার ঝিলিম ইউপির টংপাড়ায় অবস্থিত পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আমলি আদালতে মামলা করেন ব্যবসায়ী টি ইসলাম। মামলায় টংপাড়ার ১২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। আদালত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন। তবে ওসি মাযহারুল ইসলাম জানান, আদালতের কোনো নির্দেশনা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় পৌঁছায়নি।
১৫ আগস্ট ভোরে টংপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ভোগদখলে থাকা ওই পুকুরের পানিতে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলা হয়। এ ব্যাপারে টি ইসলামকে প্রধান আসামি করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সদর থানায় মামলা করেন গ্রামের নেত্রী কুটিলা রাজোয়ার। ১৬ আগস্ট প্রথম আলোয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।