সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবসায়ী তরিকুল ইসলামের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন ও জোনাব আলী, সাংবাদিক শহীদুল হুদা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের ভোগদখলে থাকা একটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে উল্টো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ স্থানীয় মোট ২৪ জনের বিরুদ্ধে টি. ইসলাম মামলা করেন। গত মঙ্গলবার আদালতে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় প্রথম আলোর সাংবাদিক আনোয়ার হোসেন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার রাজশাহীর ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীরকেও আসামি করা হয়। টি. ইসলাম ওই পুকুরটি নিজের বলে দাবি করে আসছিলেন। এর আগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেত্রী কুটিলা রাজোয়ার বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে টি. ইসলামকে প্রধান আসামি করে সদর থানায় মামলা করেন।