সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায় ২৮ মার্চ
একুশে পদক পাওয়া প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার দিন ২৮ মার্চ ধার্য করেছেন আদালত। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরায় নিজ বাসায় খুন হন আফতাব আহমেদ। পরদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। চারতলার ওই বাড়ির তৃতীয় তলায় আফতাব আহমেদ একাই বসবাস করতেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ মার্চ নিহত আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র্যাব। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, সবুজ খান ও রাসেল। এঁদের মধ্যে রাসেল পলাতক রয়েছেন।
১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আফতাব আহমেদ সাংবাদিকতা শুরু করেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।