সাংবাদিক আফতাব হত্যার ঘটনায় মামলা

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রামপুরা থানায় এ মামলা করেন আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ। আফতাব আহমেদের ব্যক্তিগত গাড়িচালক কবিরকে প্রধান আসামি করে ও অজ্ঞাত কয়েক ব্যক্তির কথা উল্লেখ করে মামলাটি করা হয়েছে।
আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গাড়িচালক কবির প্রধান সন্দেহভাজন। কারণ ঘটনার পর থেকে সে পলাতক।’ পালানোর আগে কবির আফতাব আহমেদের বাসা থেকে আড়াই লাখ টাকা চুরি করেছে বলে দাবি করেন মনোয়ার।
মনোয়ার আহমেদ আরও বলেন, ‘আমার সন্দেহ কবির এককভাবে এ ঘটনা ঘটায়নি। তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।’ হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফতাব আহমেদের সাবেক দুই গাড়িচালক অলি ও নাজমুলকে গতকাল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িচালক কবিরকে গ্রেপ্তারের জন্য গতকাল তাঁর ভোটার আইডি কার্ডে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী গাজীপুরে অভিযান চালানো হয়। সেখানে তাঁকে পাওয়া যায়নি।
আফতাব আহমেদের ছেলে জানান, সম্ভবত ভুয়া ভোটার কার্ড তৈরি করে কবির তাঁদের গাড়িচালকের চাকরি নিয়েছিলেন।
আজ বাদ জোহর প্রেসক্লাবে জানাজা শেষে আফতাব আহমেদের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গতকাল বুধবার দুপুরে রামপুরার বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আফতাব আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করছে ডিবি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আলোচিত অসংখ্য ছবি তুলেছিলেন আফতাব আহমেদ। তাঁর তোলা ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৭ নভেম্বর সিপাহী বিপ্লব ইত্যাদি। তবে আফতাব আহমেদ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তোলা ‘জাল পরা বাসন্তি’র ছবির কারণে। বাসন্তির সেই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি করার পর ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক-এ ফটোসাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। টানা কাজ করার পর দৈনিক ইত্তেফাক থেকে ২০০৬ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি। ওই বছরই একুশে পদক পান আফতাব আহমেদ।