সাংবাদিক আল-আমিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আমিন। ফাইল ছবি
আল-আমিন। ফাইল ছবি

না-ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আল-আমিন (৪৬)। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট২৪ডটকমের ইংরেজি বিভাগের বার্তা সম্পাদক ছিলেন।

দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম জানান, গত বুধবার অফিসে যাওয়ার পথে আল-আমিন বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন বৃহস্পতিবার আবারও বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই তাঁর হৃদযন্ত্রে রিং পরানো হয়। তিনি বারডেমের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসে পানি জমায় গতকাল রোববার দুপুর থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি মারা যান।

তৌহিদুল ইসলাম আরও জানান, ছয় ভাইবোনের মধ্যে আল-আমিন ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর মোহাম্মদপুরের বাবর রোড শাখায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তৌহিদুল। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে গাইবান্ধার গ্রামের বাড়িতে। সেখানেই তাঁকে সমাহিত করা হবে।

দ্য রিপোর্টের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের আগে আল-আমিন প্রাইমখবরডটকম, ডেইলি সান ও ডেইলি স্টারে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।