সাংবাদিক আলতাফ মাহমুদ ছিলেন নির্ভীক ও সততার প্রতীক
ডিআরইউর স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফউইজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের স্মরণসভায় বক্তারা বলেছেন, সাংবাদিকতা পেশার অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন নির্ভীক ও সততার প্রতীক। পেশাদারির ক্ষেত্রে তিনি যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে ছিলেন নিবেদিতপ্রাণ।
গতকাল বিকেলে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
ডিআরইউর সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় স্মরণসভায় প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিআরইউর সাবেক সভাপতি মোস্তাক হোসেন ও শাহেদ চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব পুলক ঘটক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও আলতাফ মাহমুদ অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন। কোনো রকম লোভ-লালসা বা প্রলোভনের কাছে তিনি মাথা নত করেননি। বিজ্ঞপ্তি