সাংবাদিক আলাউদ্দিন হত্যার বিচার ২০ বছরেও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার সাংবাদিক স ম আলাউদ্দিন হত্যার বিচার হয়নি। তাঁর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকেরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
আলাউদ্দিন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত-এর সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৯ জুনের রাত ১০টায় কার্যালয়ে কর্মরত অবস্থায় তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান। এ ঘটনায় তাঁর ভাই স ম নাছিরউদ্দিন একটি হত্যা মামলা করেন।
১৯৯৭ সালে পুলিশ ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। বিভিন্ন সময় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা জামিনে আছেন। বাকি একজন পলাতক।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামে তাঁর কবরস্থানে ফুল দেওয়া হয়। পরে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, নিজের কাজ ও সাফল্যের মধ্য দিয়ে চিরদিন বেঁচে থাকবেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলাউদ্দিন। ব্যক্তি হিসেবে তিনি সহজ-সরল ছিলেন। অথচ তিনি ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও নির্ভেজাল দেশপ্রেমিক। অথচ তিনি নিহত হওয়ার ২০ বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার হয়নি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। আরও বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, সুভাষ চৌধুরী, আনিছুর রহিম প্রমুখ।