সাংবাদিক আশিকের জামিন হয়নি, আজ থানা ঘেরাও
ডেইলি অবজারভার-এর কারারুদ্ধ আলোকচিত্র সাংবাদিক আশিক মোহাম্মদের জামিন এখনো হয়নি। গতকাল সোমবার শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
ডেইলি অবজারভার–এর এক সাংবাদিক জানান, আগামী বুধবার আদালত তাঁর জামিনের শুনানির পরবর্তী তারিখ ঘোষণা করেছেন। গতকাল পর্যন্ত জামিন না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার পল্টন থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
গত ২৮ জুন ইয়াবা বড়ি বহনের মামলায় আশিককে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে আশিকসহ তিনজনকে আটক করা হয়। এ সময় আশিকের পকেটে ১০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
জানতে চাইলে ডিবি পূর্ব বিভাগের উপকমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তরের নির্দেশ হয়েছে বলে তিনি জেনেছেন। কিন্তু গতকাল পর্যন্ত মামলার নথিপত্র বুঝে পাননি।
আশিকের পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন, ২৭ জুন রাত ১২টার দিকে মোটরসাইকেলে শান্তিনগর বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন আশিক। এ সময় পল্টন থানা-পুলিশ তাঁর গতিরোধ করলে পুলিশের সঙ্গে তাঁর বিতণ্ডা হয়। পরে পুলিশ তাঁকে আটক করে মারধর করে এবং ছেড়ে দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে ইয়াবা মামলায় ফাঁসানো হয়। তাঁকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায় গ্রেপ্তার অন্য দুই আসামিকে আশিক চেনেনই না।
পুলিশ বলছে, পরিবার ও সহকর্মীদের দাবি ভিত্তিহীন। আশিকের মাদক ব্যবসায় জড়িত থাকার সব তথ্য–প্রমাণ তাঁদের কাছে আছে। ঘটনার দুই প্রত্যক্ষদর্শীও রয়েছেন। তাঁদের মামলার সাক্ষী করা হয়েছে। ইতিমধ্যেই এক সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।
তবে পল্টন থানা সূত্রে জানা গেছে, পুলিশের চাপে ও ভয়ে ওই সাক্ষী আদালতে মিথ্যা জবানবন্দি দিয়েছেন। আদালতে জবানবন্দি দেওয়ার আগে ওই সাক্ষী গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, ঘটনার দিন তিনি পুলিশ ও ইয়াবা ছাড়া কোনো আসামিকেই দেখেননি। আসামিদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।