সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে গণমাধ্যমে পূর্বঘোষিত আজ সোমবারের ২৪ ঘণ্টার কর্মবিরতি স্থগিত করেছে সাংবাদিক ইউনিয়নগুলো। তবে ইউনিয়নের একাংশ সমাবেশের কর্মসূচি বহাল রেখেছে। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রায় এক বছর ধরে ঐক্যবদ্ধ আন্দোলনের একপর্যায়ে ইউনিয়নের দ্বিধাবিভক্তি ঘুচিয়ে একীভূত হওয়ার অঙ্গীকার ঘোষণা করেছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়ায় আজকের কর্মবিরতি ও সমাবেশের ঘোষণাও দিয়েছিলেন তাঁরা।কিন্তু এ ঘটনার কিছুদির পরই একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের ঢেউ রাজনৈতিক মতাদর্শের কারণে দ্বিধাবিভক্ত সাংবাদিক ইউনিয়নের বিভক্তি পুনরায় স্পষ্ট করে দেয়। ইউনিয়নের দুই অংশ গণজাগরণ মঞ্চের আন্দোলনকে কেন্দ্র করে বিপরীতমুখী অবস্থান নেয় এবং আলাদা কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে বিএফইউজে ও ডিইউজের একাংশ জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননার প্রতিবাদ এবং মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে সাংবাদিক সমাবেশ করে।অপর অংশ ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় হামলা, অগ্নিসংযোগ, কার্যালয় ভাঙচুর, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিকদের দাবি আদায়ে’ গত ২৮ ফেব্রুয়ারি সমাবেশ ডেকেছিল। তবে নির্ধারিত দিনে ওই সমাবেশ হয়নি। এই অংশটির ডাকে আজ সমাবেশ অনুষ্ঠিত হবে।