সাংবাদিক ইয়ারব হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারব হোসেন হত্যাচেষ্টা মামলায় ১৬ জনের নামে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক লুৎফর রহমান মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে সদর উপজেলার দেবনগর গ্রামের মুকুল হোসেন, আবু জাফর সরদার, আবদুল হাকিম, মুজাহিদ ইসলাম, মথুরাপুর গ্রামের মো. মধু, মাগুরা গ্রামের মো. মনিরুজ্জামান, দেবনগর গ্রামের জুলফিকার আলী, আবু বাক্কার সিদ্দিক, আবদুল আজিজ, রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম, দাউদ আলী, যোগরাজপুর গ্রামের আবদুল মাজেদ, রকিব হোসেন, আবুল হোসেন ও আবদুল মালেককে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে প্রথম ছয়জন কারাগারে আছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ দলের অবরোধ কর্মসূচির সময় ২০১৩ সালের ৩০ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ইয়ারব হোসেন তুজলপুর গ্রামের বাড়ি থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাতক্ষীরা শহরে আসছিলেন। পথে উত্তর দেবনগর গ্রামের নূর ইসলামের বাড়ির সামনে সড়কে গাছ ফেলে অবরোধ করেন নেতা-কর্মীরা। ইয়ারব হোসেনের মোটরসাইকেল নিয়ে এলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁরা ইয়ারব হোসেনকে বেধড়ক পিটুনি দিয়ে হাত-পা ভেঙে দেন। একপর্যায়ে তাঁরা মাথায় আঘাত করে মৃত ভেবে চলে যান। পরে স্থানীয় সাংবাদিক, বিজিবি ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে।