সাংবাদিক এবিএম মূসা গুরুতর অসুস্থ
প্রবীণ সাংবাদিক এবিএম মূসা গুরুতর অসুস্থ। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁকে কৃত্রিম প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে দেশবরেণ্য এই সাংবাদিকের চিকিৎসা চলছে।
গত সোমবার দিবাগত রাত আড়াইটায় এবিএম মূসাকে গুরুতর অসুস্থ অবস্থায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১ জানুয়ারি থেকে তিনি নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ গত সোমবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এবিএম মূসার ছেলে নাসিম মূসা প্রথম আলোকে বলেন, বাবার অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। গতকাল থেকে তাঁর শরীরে নতুন রক্ত তৈরি হচ্ছে না। বাইরে থেকে রক্ত দিলে তা শরীর গ্রহণ করছে না। তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
চিকিৎসকেরা জানান, বছর দুয়েক আগে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের আওতায় নেওয়া হয়েছিল। সে অবস্থা থেকে তাঁকে ফেরানো সম্ভব হয়েছে। এবারের অবস্থা আগের চেয়ে জটিল। তবে তাঁকে সুস্থ করার সব চেষ্টা চলছে।
এবিএম মূসার মেয়ে পারভীন সুলতানা প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বাবাকে দেখতে গেলে তিনি মাথা ঝাঁকিয়ে সাড়া দিয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। আজ বুধবার বেলা তিনটায় প্রখ্যাত এই সাংবাদিকের আরোগ্য কামনা করে জাতীয় প্রেসক্লাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে ক্লাব সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।