সাংবাদিক এবিএম মূসা লাইফসাপোর্টে
প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসা (৮৩) গুরুতর অসুস্থ। তাঁকে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন।
এবিএম মূসার চিকিত্সক বরেণ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এর আগেও মূসা সাহেব কয়েকবার লাইফসাপোর্টে ছিলেন। তাঁর শারীরিক অবস্থা কয়েক মাস ধরেই ভালো যাচ্ছিল না। সাত-আট মাস আগে মূসা সাহেব মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম আক্রান্ত হয়েছেন। এতে অস্থিমজ্জা আক্রান্ত হয়। এই রোগটা প্রায় ক্যানসারের কাছাকাছি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।’
এবিএম মূসার পরিবারের সদস্যরা জানান, তিনি অনেক দিন ধরেই অসুস্থ। গত ২৯ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তাঁকে কয়েকবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। গতকাল রাতে অবস্থা আরও খারাপ হলে তাঁকে চিকিত্সকেরা লাইফসাপোর্টে রাখেন। এবিএম মূসার জন্য তাঁর পরিবারের সদস্যরা দেশবাসীর দোয়া চেয়েছেন।