সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাহাবাগ থানায় দায়ের হওয়া পাল্টাপাল্টি চারটি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন সাংবাদিক ও চিকিৎসকেরা। গতকাল শুক্রবার রাতে তারা এ আবেদন করেন বলে জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমএ জলিল। সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা মামলার দুই বাদীকে নিয়ে শাহবাগ থানায় যান। একই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও শিক্ষানবীশ চিকিৎসকেরাও থানায় আসেন। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি করে চারটি মামলা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন।ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, উভয়পক্ষের মধ্যে ঘটনার বিষয়ে সমঝোতা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী লাঞ্ছিত হওয়ার ঘটনা নিয়ে ১৯ জুলাই গণমাধ্যমে খবর প্রচারের জের ধরে ওইদিন শিক্ষানবীশ চিকিৎসকেরা পাঁচ সাংবাদিক ও ২৫ জুলাই আরও ১৮ জনকে সাংবাদিককে মারধর, তাদের ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেন। শিক্ষানবীশ চিকিৎসকদের দাবির মুখে হাসপাতালে কর্তৃপক্ষ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এরপর তাঁরা হাসপাতালে সাংবাদিক প্রবেশ ঠেকাতে লাঠিসোঁটা নিয়ে মহড়া দেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে গত বৃহস্পতিবার মাহবুব উল আলম হানিফের মধ্যস্থতায় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়। এদিকে গতকালও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতে গিয়ে গতকাল শুক্রবার আবারও বাধার মুখে পড়েছে সাংবাদিকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কিছু শিক্ষানবিশ চিকিৎসক সাংবাদিকদের ঢুকতে বাধা দিয়েছেন বলে শুনেছি। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’