সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দন আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দন আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করলে চন্দনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হূদরোগে ভুগছিলেন।
ওবায়দুল গনি চন্দন দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় ফিচার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
চন্দনের বন্ধু ও ছড়াকার রোমেন রায়হান জানান, চন্দনের মরদেহ আজ হাসপাতাল থেকে প্রথমে তাঁর কর্মস্থল দৈনিক মানবকণ্ঠ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলা পৌনে তিনটার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে যাওয়া হয়। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা এসএ টেলিভিশনের সাংবাদিক। তাঁদের এক ছেলে আছে।