সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান চাইলেন দুই সাংসদ
চুয়াডাঙ্গায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এর অবসান হওয়া দরকার। গতকাল রোববার জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার দুই সাংসদ এ কথা বলেন। জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে শহরের চেম্বার ভবনে এ মতবিনিময় সভা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ও চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগারসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম, জীবননগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তজা এবং চুয়াডাঙ্গার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার। সোলায়মান হক জোয়ার্দার বলেন, ‘আমি অন্যায় করলে অবশ্যই লিখবেন। কিন্তু ভিত্তিহীন সংবাদ লিখবেন না। দোষগুণ মিলেই মানুষ। আমার ভুলত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন।’প্রথম আলো ও আমার দেশ-এর সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাটি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।