সাংবাদিক ওমর ফারুক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ওমর ফারুক (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে কর্মস্থল বাংলা ট্রিবিউনে প্রবেশের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ওমর ফারুক কর্মজীবনে এর আগে দৈনিক যুগান্তর, আজকের কাগজসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে ডিআরইউতে প্রথম দফায় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় ওমর ফারুককে স্মরণ করে তাঁর বড় ভাই সামসুজ্জামান ছাড়াও বিভিন্ন সাংবাদিক নেতা বক্তব্য দেন। ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, প্রয়াত ওমর ফারুকের নামে ‘রিপোর্টিং অ্যাওয়ার্ড’ চালু করা হবে। পরে সেখান থেকে তাঁর কর্মস্থল বাংলা ট্রিবিউনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।