সাংবাদিক কনক সারোয়ারের বোন মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে নুসরাত শাহরিনকে আটক করে র‌্যাব
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তি পেয়েছেন সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকা।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিনকে ১৪ মার্চ জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকার বাসায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করা হয়।

দুই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন শাহরিন। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী জেড আই খান পান্না এবং এ এম জামিউল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে হাইকোর্ট এ মামলায় তাঁকে জামিন দিয়েছেন। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়ও জামিন দিয়েছেন। ফলে শাহরিনের কারামুক্তিতে বাধা ছিল না।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, নুসরাত শাহরিনের জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই–বাছাই করে বুধবার বেলা সাড়ে ১১টায় তাঁকে মুক্তি দেওয়া হয়।