তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সঠিক তথ্য সরবরাহের জন্য কোনো সাংবাদিক নিগৃহীত হয়েছেন বলে তিনি জানেন না। যেসব সাংবাদিক কারাগারে গেছেন, তাঁরা রাজনৈতিক দুষ্কর্ম করার জন্য গেছেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের তথ্য জানাতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার দিবসটি পালন করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, দিবসের মূল অনুষ্ঠান হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকেরা তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য নিয়ে জঙ্গি দমনে ভূমিকা রাখতে পারেন। এখন জঙ্গি ও সন্ত্রাসীরা সরকারের শত্রু। কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, জঙ্গিকে ভালো মানুষ সাজানোর মিথ্যাচার হচ্ছে। পিতা-মাতা স্বীকার করলেও রাজনৈতিক কর্মী বানানোর চেষ্টা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথ্য অধিকার আইন অনুযায়ী ৭৬ হাজার ৪৩ জন মানুষ তথ্য চেয়েছে। এর মধ্যে তথ্য পেয়েছে ৯৬ দশমিক ১০ শতাংশ মানুষ।