সাংবাদিক কিশোর কুমার পরলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর কুমার
কিশোর কুমার

সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী কিশোর কুমার আর নেই৷ গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন তিনি৷ তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর৷
গতকাল সোমবার ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ভাওয়ালবাড়ী শ্মশানে কিশোর কুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ তিনি মা, স্ত্রী, দুই ভাই, এক বোন রেখে গেছেন৷
গতকাল সকালে কিশোর কুমারের মরদেহ তাঁর কর্মস্থল ভোরের কাগজ-এর কার্যালয়ে নেওয়া হলে সহকর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন৷ এর পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)৷ সেখানে সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷
কিশোর কুমারের মৃত্যুর খবরে ডিআরইউ প্রাঙ্গণে ছুটে যান শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, প্রকাশক আরিফুর রহমান, সংগঠক মানজার চৌধুরী সুইট প্রমুখ৷
পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর কুমার গত শুক্রবার প্রচণ্ড পেটব্যথা নিয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন৷ পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ শনিবার দুপুরে তাঁর খাদ্যনালিতে অস্ত্রোপচার করা হয়৷ রোববার রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷