সাংবাদিক কোরেশীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক দেশ বাংলা পত্রিকার সম্পাদক ও রাজনীতিক ফেরদৌস আহমদ কোরেশী দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী আছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকেরা।

গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো তাঁদের ওই বিবৃতিতে কোরেশীর স্ত্রী নিলুফার পান্না কোরেশী সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ফেরদৌস আহমদ কোরেশী তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ছিলেন। ৬ দফা, ১১ দফাভিত্তিক ছাত্র ও গণ-আন্দোলন এবং ’৬৯-এর গণ-অভ্যুত্থানে তাঁর অবদান ছিল অসামান্য। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন সক্রিয় সংগঠক ও কলমযোদ্ধা।

বিবৃতিতে বলা হয়, ‘ফেরদৌস আহমদ কোরেশী জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। এই কঠিন রোগের ব্যয়বহুল চিকিৎসা চালাতে তাঁর পরিবার হিমশিম খাচ্ছে। তাঁর সুচিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানাচ্ছি।’

বিবৃতিতে স্বাক্ষর করেন নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমদ, সমকালসম্পাদক গোলাম সারওয়ার, নয়া দিগন্ত সম্পাদক আলগমীর মুহিউদ্দীন, মানবকণ্ঠ-এর প্রকাশক জাকারিয়া চৌধুরী, বিডিনিউজের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, আমাদের অর্থনীতির নাইমুল ইসলাম খান, যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, মানবজমিন-এর ব্যবস্থাপনা সম্পাদক বাবর আশরাফুল হক, সাপ্তাহিক রোববার-এর সম্পাদক তোশাররফ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি