সাংবাদিক খোন্দকার আলী আশরাফ মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক খোন্দকার আলী আশরাফ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় নিজের বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা উত্তরার ৩ নম্বর সেক্টর মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার আলী আশরাফের মরদেহ উত্তরার কবরস্থানে দাফন করা হবে। এর আগে বেলা ১১টায় তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে।
খোন্দাকর আলী আশরাফ ১৯৩৬ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে দৈনিক মিল্লাত পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতার শুরু। তিনি দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা ও দৈনিক যুগান্তর পত্রিকায় কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী খোন্দকার আলী আশরাফ সাংবাদিকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষকও ছিলেন। খোন্দাকর আলী আশরাফ ‘দুর্জন উবাচ’ নামে কলাম লিখতেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গতকাল এক বিবৃতিতে খোন্দকার আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি  সমবেদনা জানান।