সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই
প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী আর নেই। আজ শনিবার ভোর পাঁচটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
বেশ কয়েক বছর আগে মাথায় প্রচণ্ড আঘাত পান গিয়াস কামাল চৌধুরী। এরপর দীর্ঘদিন বাসায় শয্যাশায়ী থাকার পর তাঁর অবস্থার অবনতি হলে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা ১৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোর পাঁচটায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টায় গিয়াস কামাল চৌধুরীর মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। এখানে সহকর্মীরাসহ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান, এম কে আনোয়ার, বরকতউল্লাহ ভুলু, আমানউল্লাহ আমান, জয়নাল আবদিন ফারুক; সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিচারপতি আবদুর রউফসহ জাতীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর মরদেহ পরে ফেনীতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যু সাংবাদিকতা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শুধু তাঁর সাংবাদিক সহকর্মীদের কাছেই নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের হূদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গিয়াস কামাল চৌধুরীর জন্ম ১৯৩৯ সালের ২১ জুলাই চট্টগ্রাম শহরে। দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার (ভোয়া) ঢাকা সংবাদদাতা হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি ছিলেন অতি পরিচিত। সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন।
অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।