সাংবাদিক গুলিবিদ্ধসহ আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর, লালমোহন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১টিতেই আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট দিতে ভোটারদের বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। অনেক কেন্দ্রে ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকেরা ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় ভোট দিয়েছেন।
অন্তত ১০টি কেন্দ্রে সহিংসতা হয়েছে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এক সাংবাদিক গুলিবিদ্ধ হওয়াসহ ৩৫ জন আহত হয়েছেন। বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপিতে বিএনপির প্রার্থী মো. সিরাজ ভোট বর্জনের ঘোষণা দেন।
চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের ফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে দেখা যায়, বিদ্যালয়টির দোতলার ৬ নম্বর ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনে নৌকার ব্যাজ পরা এক তরুণ তদারক করছেন। যাঁরা ভোট দিতে আসছেন, তাঁদের ওই তরুণের সামনেই ভোট দিতে হচ্ছে।
প্রিসাইডিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমগো গলা বান্দি রাইখছে। আমগো কিছুই করার নাই।’একই উপজেলার আবদুল্লাহপুর ইউপির আবুবকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ২ নম্বর কক্ষে দেখা যায়, নৌকার কর্মী সাঈদ নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মেরে বাক্সে ফেলছেন। এই উপজেলার রসুলপুর ও লালমোহনের রমাগঞ্জ ইউপিতেও নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট দিতে দেখা যায়।
ভোলা সদরের রাজাপুর ইউপির রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে পুলিশের শটগানের গুলিতে এনটিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক সামি আহমেদ আফজালের শরীরে অস্ত্রোপচার করেন। সামি আহমেদ বলেন, আফজালের বাঁ হাঁটুর নিচ থেকে গুলি বের করা হয়েছে।
একই ইউপির চরসীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী ওহাব আলী ও আবদুস সালামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশের গুলিতে ছয়জন বিদ্ধ হন। এ ছাড়া ওসমানগঞ্জ, রমাগঞ্জ, বদরপুর, পূর্ব ইলিশা ও মনপুরার দক্ষিণ ও উত্তর সাকুচিয়া ইউপির আটটি কেন্দ্রে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা ৩৫টি গুলি করেছেন। এ ছাড়া অসাবধানতাবশত গুলি বের হয়ে সাংবাদিকের পায়ে লেগেছে।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, সকাল নয়টা বাজতেই বিএনপির এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও আওয়ামী লীগের কর্মীরা সমানে সিল মেরেছেন। তাই প্রতিটি ইউনিয়নে নতুন করে নির্বাচন দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা বলেন, ‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। বিএনপি মাঠে না নেমে ভোট পেতে চাইছে।’