সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডের নবম বার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম দাস
গৌতম দাস

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডের নবম বার্ষিকী পালিত হয়েছে। সাংবাদিক হত্যার বিচার ও বিরূপ পরিস্থিতিতে একতাবদ্ধ হয়ে চললে সাফল্য আসবে—এই প্রত্যয়ের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবে বেলা ১১টায় আয়োজিত এক স্মরণসভায় বক্তারা বলেন, গৌতম দাস হত্যা মামলার রায় হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গসহ পুরো দেশের আরও অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। বক্তারা সব সাংবাদিক হত্যার বিচারের দাবি করে বলেন, এসব হত্যার বিচার না হলে আইনের শাসনের প্রতি মানুষ আস্থা হারাবে।
বক্তারা আরও বলেন, স্বার্থবাদী মহল সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লোটার জন্য। সাংবাদিকদের একতাবদ্ধ হতে হবে। তাহলে ঝুঁকি অনেক কমে যাবে।
সভায় বক্তব্য দেন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, আবদুল মতিন ফকির, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম।
এর আগে একটি মৌন মিছিল শহরের মুজিব সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে অস্থায়ী মঞ্চে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ফরিদপুরের বিভিন্ন³সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নেয়।
ভোরে পরিবারের উদ্যোগে গৌতম দাসের সমাধিবেদিটি ফুল ও পাতা দিয়ে সাজানো হয়। দুপুরে গৌতমের স্ত্রী দীপালি দাসের বাড়িতে স্বজনদের জন্য ভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ নভেম্বর সকালে শহরের নিলটুলী এলাকায় সমকাল-এর তত্কালীন কার্যালয়ে দুর্বৃত্তরা গৌতম দাসকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।