সাংবাদিক গৌতম হত্যার নবম বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক গৌতম দাস হত্যার নয় বছর পূর্ণ হবে আজ ১৭ নভেম্বর সোমবার। এ উপলক্ষে ফরিদপুর ও গৌতমের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ১০টায় শহরের মুজিব সড়কে মৌন শোভাযাত্রা, সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতমের প্রতিকৃতিতে মাল্যদান ও বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। এ ছাড়া গৌতম দাসের স্ত্রী দিপালী দাস দুপুরে শহরের বান্ধবপল্লির বাসায় স্বজনভোজের আয়োজন করেছেন।
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে গৌতম দাসকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর ফরিদপুরের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের জনতা প্রতিবাদমুখর হয়ে ওঠে। গত বছর ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গৌতম হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।