সাংবাদিক গোলাম ফারুক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক (৪৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ঈদুল আজহার রাত নয়টার দিকে ময়মনসিংহে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থবোধ করেন। দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে গোলাম ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের বন্ধু, সুহৃদ, নাট্যকর্মী, সাংবাদিক এবং শোকাহত সহকর্মীরা সজল চোখে তাঁকে বিদায় জানান।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
প্রেসক্লাবে আনার আগে তাঁর মরদেহ কারওয়ান বাজার বিডিবিএল ভবনে বণিক বার্তা কার্যালয়ে কিছুক্ষণের জন্য রাখা হয়।
গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মুসলেম উদ্দীনের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী শায়লা আহমেদ একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত। তাঁদের একমাত্র মেয়ে অরিত্রী বর্তমানে এ লেভেল-এ পড়ছে।