সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার যুক্তি-তর্ক উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক হূষিকেশ সাহার আদালতে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঁইয়া মামলার শুরু থেকে এ পর্যন্ত সংঘটিত সব ঘটনা তুলে ধরেন। তিনি আদালতে বলেন, এ পর্যন্ত এই মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। ম্যাজিস্ট্রেটের কাছে তিন আসামি বাবু, আসাদ ও অ্যাপোলোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ সাক্ষ্য ও জবানবন্দি থেকে প্রমাণিত হয়েছে, এই আসামিরাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আদালত ১৫ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওই দিন আসামিপক্ষের আইনজীবীর যুক্তি-তর্ক উপস্থাপন করার কথা রয়েছে। রোববার রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনকালে গৌতম দাস হত্যা মামলার নয়জন আসামির মধ্যে সাতজন উপস্থিত ছিলেন।