সাংবাদিক গৌতম হত্যার ছয় বছর আজ
নির্ভীক সাংবাদিক গৌতম দাস হত্যার ছয় বছর পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। এ হত্যাকাণ্ডের পর ছয় বছর চলে গেলেও এবং ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পাঁচ বছরেও মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি।এ উপলক্ষে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমাধি ক্ষেত্রে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ফরিদপুর প্রেসক্লাব বেলা ১১টায় প্রতিকৃতিতে মাল্য দান ও সন্ধ্যা ছয়টায় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। সমকাল সুহূদ সমাবেশ বিকেল চারটায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে। গৌতমের স্ত্রী দিপালী সাহা দুপুরে ফরিদপুর শহরের বাসায় এবং গৌতমের ভাইদের পক্ষ থেকে ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামের বাড়িতে কাঙালিভোজের আয়োজন করেন।২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে সমকাল-এর ব্যুরো অফিসে শ্বাসরোধ করে গৌতম দাসকে হত্যা করা হয়। ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়। ২০০৬ সালে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম নবী ১০ জনের নামে অভিযোগপত্র দেন। পরে মামলাটি ২০০৬ সালের ২৮ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থনান্তর করা হয়। নয় জন গ্রেপ্তার হয় এবং অপরজন আসামি জাহিদ খান ২০০৬ সালের ১২ অক্টোবর পলাতক অবস্থায় মারা যান। মামলার বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পন্ন হয়নি।