সাংবাদিক গ্রেপ্তারের দাবি ভাড়া করা লোকজন নিয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই মিথ্যা চাঁদাবাজি মামলায় প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেনসহ আরেক সাংবাদিককে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার রংপুরের বদরগঞ্জে মানববন্ধন, সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। স্থানীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে বদরগঞ্জ মেলা উন্নয়ন কমিটি নাম দিয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি পালন করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ভাড়া করে আনা হয়। এ ঘটনায় বদরগঞ্জের সুধী ও সাংবাদিকেরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জানা গেছে, গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন। এই সম্মেলনে যোগ দেন সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেনও। তিনি এ জন্য ২৪ ডিসেম্বর ঢাকায় যান এবং ২৮ ডিসেম্বর ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। ২৪ জানুয়ারি বদরগঞ্জ থানায় আলতাফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এতে বাদী অভিযোগ করেন, ২৫ ডিসেম্বর প্রথম আলোর সাংবাদিক আলতাফ হোসেন ও ইনকিলাব প্রতিনিধি বাদশাহ ওসমানী মেলা বন্ধের হুমকি-ধমকি দিয়ে বাদীর কাছ থেকে ৩০ হাজার টাকাসহ দুই দফায় ৬০ হাজার টাকা চাঁদা নেন এবং আরও ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে জীবননাশের হুমকি দিচ্ছেন।গতকাল বেলা ১১টায় স্থানীয় শহীদ মিনারে বদরগঞ্জ পশুমেলা পরিচালনা কমিটির ইজারাদার ও জাতীয় পার্টির উপজেলা সম্পাদক হেনা মো. ফেরদৌসের সভাপতিত্বে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন হয়। সভায় বক্তৃতা করেন মেলা পরিচালনা কমিটির সদস্য আবদুস ছাত্তার, সাজেদুর রহমান বুলু, মন্জুরুল ইসলাম, মোকছেদুল হক, আবদুল কুদ্দুস প্রমুখ। নাম প্রকাশ না করার শর্তে মেলা পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী পশুমেলায় যাত্রা ও সার্কাসে কয়েক লাখ টাকা আয় হয়। এই আয়ের আড়াই লাখ টাকা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা-মোকদ্দমায় খরচের জন্য রেখে বাকি টাকা পরিচালনা কমিটি ও মেলার শেয়ারহোল্ডাররা ভাগাভাগি করে নেন।একজন সদস্য জানান, মূলত ওই আড়াই লাখ টাকা আত্মসাত্ করার উদ্দেশ্যে মেলা পরিচালনা কমিটির প্রভাবশালী পাঁচ-ছয়জন সদস্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে নানা ধরনের কর্মসূচি নিয়েছেন। এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মোফাজ্জল হোসেন সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির সম্পাদক হেনা মো. ফেরদৌস এসব মিথ্যা মামলাসহ আন্দোলন করার কথা বলে মেলা থেকে দুই লাখ ৭৬ হাজার টাকা নেন। টাকা শেষ, আন্দোলনও হবে শেষ। মিথ্যা বিষয়টিকে সত্য হিসেবে দাঁড় করার জন্য টাকা দিয়ে বিভিন্ন এলাকা থেকে লোক ভাড়া করে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে অংশ নিতে আসা উপজেলার শংকরপুর ডাঙ্গাপাড়ার ফয়েজউদ্দিন (৬০) বলেন, ‘ওরা কেংবা মোক টাকা দেওয়ার কথা কয়া এটে নিয়ে আলছে।’ সাংবাদিকদের প্রতিবাদসাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় বদরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হেমন্ত সরকারের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে এক সভা হয়। এতে বক্তব্য দেন ছাইদুল হক, মাসুদ রানা ও মাহফুজার রহমান।