সাংবাদিক জহিরুল হকের ইন্তেকাল

বিশিষ্ট ফটোসাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহিরুল হক আর নেই। আজ রোববার সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দিল্লি থেকে তাঁর কন্যা হাফিজা জহির প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
হাফিজা জহির বলেন, তাঁর বাবা আজ সকাল ছয়টা ৫৭ মিনিটে নয়াদিল্লির এইচবিএস ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জহিরুল হক দীর্ঘদিন ধরে জন্ডিসে (হেপাটাইটিস-বি) ভুগছিলেন। ১২ জুন থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেট এয়ারওয়েজের একটি বিমানে করে আগামীকাল সোমবার বিকেল চারটায় জহিরুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। এরপর প্রেসক্লাবে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে। সেখানে জানাজা শেষে নারায়ণগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জহিরুল হক সর্বশেষ কলকাতা থেকে প্রকাশিত আজকাল পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। এ ছাড়া পাকিস্তান আমলে তিনি দীর্ঘদিন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করেন। তিনি বাংলার বাণী, জনকণ্ঠ ও বাংলাদেশ টাইমসেও কাজ করেন। জহিরুল হকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।