সাংবাদিক জামাল হত্যা মামলা তদন্তে ধীরগতি
যশোরের সাংবাদিক জামাল উদ্দীন হত্যা মামলার দ্বিতীয় দফার তদন্তের ১৫৮ দিন অতিবাহিত হলেও অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। মামলার তদন্তের ধীরগতির কারণে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের জবানবন্দিতে প্রকাশ পাওয়া, এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত না করার সুবিধা দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।গত বছরের ৪ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এর আগে প্রথম দফায় ১৫ জুন থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১১২ দিন তদন্ত করেছে শার্শা থানার পুলিশ।মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে তোতা মিয়া, তাঁর স্ত্রী লতা বেগম ও ভাই রাজু মল্লিক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে যেসব ব্যক্তির নাম এসেছে, অভিযোগপত্রে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।বাদী আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘মামলার আইওর (তদন্ত কর্মকর্তা) সঙ্গে পরামর্শ করিছি। আইওকে বলিছি ১৬৪ ধারায় য্যাগের নাম আইয়েছে, ত্যাগের নাম ভাঙলি (বাদ দিলে) মামলার কোনো ক্ষতি না হলি কিছু টাকা-পয়সা নিয়ে তাগের বাঁচায় দেয়া যায় কি না। এ রকম কথাবারতা হইল।’ কিন্তু কারও কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।আদালতের কাগজপত্র সূত্রে জানা গেছে, তিনজনের জবানবন্দিতে যেসব ব্যক্তির নাম এসেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মামলার সাক্ষী শার্শা উপজেলার কাশিপুর গ্রামের শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, আকবর, সালাম, বিষে ও মোহম্মদ। অভিযুক্ত সবাইকে এলাকায় কম-বেশি দেখা যায় বলে এলাকাবাসী জানিয়েছেন।তবে আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিদের সবাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করা হবে। প্রধান আসামি বজলুর রহমান সম্প্রতি আত্মহত্যা করেছেন। অন্যদের মধ্যে জসীম উদ্দীন, উকিল মল্লিক ও রমজান মেম্বার পলাতক আছেন।জানা গেছে, সাংবাদিক জামাল উদ্দীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান বর্তমানে যশোর সদর উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্ব পেয়েছেন। অপর অভিযুক্ত কনস্টেবল শহিদুল ইসলাম মহানগর পুলিশে (ডিএমপি) আছেন।গত বছরের ৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি খবর ছাপা হয়। জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার শার্শা উপজেলার কাশিপুর প্রতিনিধির দায়িত্ব পালন করতেন। ২০১২ সালের ১৫ জুন রাতে তিনি খুন হন।যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বলেন, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা পরিষ্কার। তার পরও সিআইডি অভিযোগপত্র দিতে গড়িমসি করছে কেন, তা রহস্যাবৃত্ত।