সাংবাদিক জিয়া ইসলামের অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া ইসলাম
জিয়া ইসলাম

সড়ক দুর্ঘটনায় আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে থাকা জিয়ার জ্ঞান এখনো ফেরেনি। তিনি যন্ত্রের সহায়তা ছাড়া শ্বাস নিতে পারছেন কি না, তা আগামীকাল শুক্রবার পরীক্ষা করে দেখা হবে।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত জিয়া ইসলামের তত্ত্বাবধায়ক চিকিৎসক গতকাল বুধবার বিকেলে জানিয়েছেন, মঙ্গলবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গতকাল বুধবার দুপুরের দিকে তাঁর একটি চোখ সাড়া দিতে শুরু করেছে। শরীরের তাপমাত্রা ও রক্তচাপ স্বাভাবিক ছিল। শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে জিয়ার অন্যান্য চিকিৎসা শুরু হবে।
এদিকে, জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার মামলায় গ্রেপ্তার অভিনেতা ও বিজ্ঞাপনী মডেল কল্যাণ কোরাইয়াকে গতকাল আদালতে হাজির করে কলাবাগান থানার পুলিশ। ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক জামিনের আবেদন নাকচ করে কল্যাণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশের তদন্ত কর্মকর্তাকে কারাফটকে কল্যাণকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
কল্যাণের গাড়িটি জব্দ করা হবে জানিয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান প্রথম আলোকে বলেন, গাড়িটি জব্দ করতে রেকার নিয়ে যাবেন তদন্ত কর্মকর্তা।