সাংবাদিক তোয়াব খানকে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক তোয়াব খানকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় ২০১৫ সালের স্নাতক সম্মান পরীক্ষায় ভালো ফল করায় বিভাগের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ প্রদান করা হয়। এঁরা হলেন মো. শরিফুল ইসলাম, আনন্দ কুমার শীল, ফারজানা আক্তার, ফাহিমা আক্তার ও দুলাল সমদ্দার।
প্রসঙ্গত, প্রয়াত সাংবাদিক এবিএম মুসা এই ট্রাস্ট ফান্ড গঠন করতে অর্থ প্রদান করেছিলেন।
সম্মাননা পাওয়ার পর দৈনিক জনকণ্ঠ-এর উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেন, দেশে সাংবাদিকতা আগে কোনো পেশা ছিলো না। পেশার জন্য দরকার ছিলো নির্দিষ্ট বেতন কাঠামো যা ১৯৬১ সালের পর থেকে দেশে চালু হয়। এরপর থেকে সবাই সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে শুরু করে। সাংবাদিকতাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে বহু মানুষের অবদান রয়েছে। এদের মধ্যে অন্যতম ছিলেন সাংবাদিক এবিএম মূসা।
তোয়াব খান বলেন, আগে কেউ ছিলেন ডান, কেউ ছিলেন বাম। এই ডান-বামকে পাশ কাটিয়ে যারা নিজেদেরকে নির্মোহ করতে পেরেছেন তারাই সাংবাদিকতায় স্থায়ী ও প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, এখন দেশের প্রায় সবক’টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় উচ্চ শিক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সত্যিকারের সাংবাদিক হওয়া যায় না। এর জন্য নানা প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের জ্ঞানও প্রয়োজন। সবাইকে দেশপ্রেম থেকে সাংবাদিকতায় আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকতা পেশার মূলনীতি। তাই সমাজের সত্য প্রকাশের জন্য সংবাদকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন। ‘আতাউস সামাদ: এক কীর্তিমান সাংবাদিক’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক শেখ আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।